গতকাল টিফিন টাইমে নার্সারির ক্লাস-রুমের বাইরে দিয়ে যাচ্ছি। হঠাত-ই একটি বাচ্চা, নাম দেব ( সিনেমার 'দেব' নয় ), আমার কাছে এসে বললো, "আন্টি, সুজন আমার ঘাড় টিপে দিয়েছে।" সুজন-কে ডেকে আনতে পাঠালাম। সে এলো, কিন্তু তার দোষ কিছুতেই স্বীকার করে না. এটুকু ব্যাপারে নার্সারী-র টিচার-কেও ডাকতে পারছি না. সুজন-কে নানা ভাবে জিজ্ঞেস করে চলেছি। কিছুতেই তো আর কিছু বলে না. শুধু বলে "আন্টি, আমি কিছু করিনি।"
পড়লাম এক সমস্যায়। দেব বলে চলেছে, অর ঘাড় টিপে দিয়েছে। আর সুজন বলে কিনা, সে করেনি।
একটা ফাঁকা ঘর দেখে দুজন-কে নিয়ে বসলাম। বকবো না, লজেন্স দেবো; বলেই চলেছি। কোনো লাভ-ই হচ্ছে না. সুজন-কে বলছি, ধাক্কা দিয়েছ? চিমটি কেটেছ? মেরেছ? সবেতেই বলে, "না". আচ্ছা মুশকিল হলো যে! এইসময় দেব-এর ঘাড়ে ঠিক কত-টা লেগেছে, দেখতে গিয়ে দেখি, ওর জামার কলার-তা একটু ভিজে। ইতিমধ্যে দেখেছি যে, সুজন-এর হাত-দুটো একটু ভিজে ভিজে! ব্যাপার-টা পরিষ্কার হলো যে, কিছু তো একটা হয়েছে। কিন্তু হয়েছে-টা কী?!
প্রায় ১২/১৩মিনিট এই করতে করতে কেটে গেছে। আর অপেক্ষা করতে পারলাম না. সুজন-কে জিজ্ঞাসা করলাম, " তুমি দেব-এর কলার ধরেছিলে কেন?"
সুজন স্মার্টলি উত্তর দিলো , "দেখনা আন্টি, কখন থেকে দেব-কে ডাকছি, শুনতেই পাচ্ছিল না. তাইতো, পেছন থেকে ওর জামার কলার ধরে ডাকলাম। কলারের ভেতরে যে ওর ঘাড়-টাও আছে, বুঝতেই পারিনি!"
আমার কাজ শেষ! কি যে বলবো; আদৌ কিছু বলবো কিনা বুঝতে না পেরে; ওদের দুজনের ভাব করিয়ে দিয়ে, নিজের ক্লাসের দিকে পা বাড়ালাম। :)

No comments:
Post a Comment